
নরসিংদীর শেখেরচর বাবুরহাট এলাকায় দীর্ঘদিন ধরে ভূমিদখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আলোচিত স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রাসেল মাহমুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে গত দেড় দশকেরও বেশি সময় ধরে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাবুরহাট বাজারের ঐতিহ্যবাহী কসাই পট্টি মাছ বাজার দখল ও শ্রেণি পরিবর্তনের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে ওই চক্রের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার ছত্রচ্ছায়ায় গড়ে ওঠা এই গোষ্ঠী এখনও সক্রিয় রয়েছে এবং বিভিন্নভাবে সাধারণ ব্যবসায়ীদের ওপর চাপ সৃষ্টি করছে।
এলাকাবাসীর অভিযোগ, সরকার পরিবর্তনের পরও তাদের প্রভাব কমেনি। বরং সশস্ত্র ক্যাডার বাহিনী নিয়ে এলাকায় মহড়া, ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন, বিরোধী রাজনৈতিক মতের নেতা-কর্মীদের হুমকি এবং বিভিন্ন দখলবাজির ঘটনা অব্যাহত রয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গেলে অভিযুক্ত রাসেল মাহমুদকে পাওয়া যায়নি। তবে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে তারা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। কেউ প্রতিবাদ করলে তাকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের আরও দাবি, রাসেল মাহমুদ ও তার সহযোগীদের বিরুদ্ধে ভূমিদখল, চাঁদাবাজি ও হামলার একাধিক অভিযোগ থাকলেও রহস্যজনক কারণে তারা এখনো প্রকাশ্যে চলাফেরা করছে। বিষয়টি নিয়ে জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
শেখেরচরের ব্যবসায়ী, ভুক্তভোগী পরিবার ও সচেতন মহল অবিলম্বে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।