নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জেলা পুলিশ, র্যাব ও প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান শুরু হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক এর নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং অপরাধ দমনে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর এমন সমন্বিত অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।